মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ইসমাইল পাগল আজ আর বেঁচে নেই, কিন্তু তাঁর স্মৃতি এখনো অনেক মানুষের কথার ফাঁকে ফিরে আসে। তিনি ছিলেন সমাজের চোখে একজন পাগল, অথচ তাঁর জীবনের চাওয়া-পাওয়া ছিল খুবই সামান্য,একবেলা ভালোভাবে খেতে পারা। কোথায় বিয়ে, কোথায় খানা, কোথায় মানুষের সমাগম এই খবর পেলেই তিনি হাজির হয়ে যেতেন। ক্ষুধাই ছিল তাঁর সবচেয়ে বড় বাস্তবতা। পরনিন্দা,পরচর্চা,হিংসা কিংবা সম্পদের প্রতিযোগিতা তাঁকে স্পর্শ করতে পারেনি। তিনি জানতেন না জমি-জমা, ব্যাংক ব্যালেন্স কিংবা বিদেশে বাড়ির হিসাব তিনি বুঝতেন শুধু ক্ষুধার ভাষা। দারিয়াপুর থেকে মেহেরপুর শহরে তিনি বাসে করে যেতেন,আবার বাসেই ফিরে আসতেন। প্রথম দিকে বাসে উঠতে ভয় পেতেন। তখন বেইলী ব্রীজ ছিল। পায়ে হেটে ব্রীজ পার হয়ে তার পরে বাসে উঠতেন। আবার ব্রীজের আগে (মোনাখালী) নেমে পায়ে হেটে বাড়ী ফিরতেন। জীবনের সরল পথেই তাঁর চলাফেরা ছিল। সমাজের বহু ধনী, ক্ষমতাবান ও প্রতিষ্ঠিত মানুষের নাম আজ অনেকেই ভুলে গেছে, কিন্তু ইসমাইল পাগলের নাম এখনো মানুষের স্মৃতিতে বেঁচে আছে। হয়তো এটাই একজন তথাকথিত পাগল আর একজন বিবেকবান মানুষের পার্থক্যের জায়গা। পাগল মানুষটি ক্ষুধা মেটানোর জন্য মানুষের দ্বারে গিয়েছেন,আর বিবেকবান মানুষ হয়েও আমরা অনেক সময় লোভ, অহংকার ও স্বার্থের কাছে পরাজিত হই। ইসমাইল পাগল কোনো সম্পদ রেখে যাননি,রেখে গেছেন মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো কিছু স্মৃতি। আর সেই স্মৃতিগুলোই যেন মনে করিয়ে দেয়,মানুষকে বড় করে তার অর্থ নয়,তার সরলতা এবং মানুষের মনে জায়গা করে নেওয়ার ক্ষমতা।