১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য গঠিত প্রথম সরকার হলো মুজিবনগর সরকার, যা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার' বা 'প্রবাসী সরকার' নামেও পরিচিত। ১৯৭১ সালের ১০ই এপ্রিল এই সরকার গঠিত হয় এবং ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর) আমবাগানে শপথ গ্রহণ করে। শপথ অনুষ্ঠান শেষে জাতীয় নেতা তাজউদ্দীন আহমেদ (বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী) বৈদ্যনাথতলা এলাকাকে মুজিবনগর নাম করন করেন। শপথগ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদানকারী দলের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ঝিনাইদহের মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম। তাঁর নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এই রাষ্ট্রীয় অভিবাদন জানান।