ন্যানো ম্যাটেরিয়ালস বিজ্ঞানী ডঃ আইরিন সুলতানা (সুমী) মেহেরপুর জেলার একজন কৃতি সন্তান এবং তিনি মেহেরপুর শহরের অবসর প্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ সিরাজুল ইসলামের এক মাত্র কন্যা। এছাড়া ডঃ আইরিন সুলতানা (সুমী) বিশ্ব বিখ্যাত মেটেরিয়ালস বিজ্ঞানী ডঃ মোঃ মোখলেছুর রহমানের সহধর্মিণী। তিনি ২০০১ সালে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৩ সালে মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি ডিগ্রি লাভ করেন। এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য তিনি খুলনা বিভাগ থেকে সোনালী ব্যাংক গোল্ড মেডেল অর্জন করেন। এরপর ২০০৮ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ থেকে বিএসসি (অনার্স) (প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান) ডিগ্ৰী অর্জন করেন ।
২০১০ সালে তিনি এমএসসি (রিসার্চ) প্রোগ্রামের জন্য অস্ট্রেলিয়ার ওলংগং বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ অর্জন করেন এবং ২০১২ সালে ম্যাটারিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্ৰী লাভ করেন। তার এমএসসি (রিসার্চ)প্রোগ্রামে তিনি সম্পূর্ণ পলিমার-ভিত্তিক ব্যাটারির জন্য নতুন ধরনের নমনীয় পরিবাহী পলিমার ইলেকট্রোড তৈরি করেন। এই আবিষ্কারের জন্য
তার থিসিসটি অসামান্য গবেষণাপত্রের স্বীকৃতি লাভ করে। ২০১৩ সালে তিনি পিএইচডি প্রোগ্রামের জন্য অস্ট্রেলিয়ার সরকারী বৃত্তি (এপিএ) অর্জন করেন এবং ২০১৯ সালে তিনি অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটি থেকে ম্যাটারিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডঃ আইরিন সুলতানা (সুমী) তার পিএইচডি গবেষণায় পটাশিয়াম-আয়ন ব্যাটারির উন্নয়নে কাজ করেন এবং অস্ট্রেলিয়াতে পটাশিয়াম-আয়ন ব্যাটারির উন্নয়নে এটিই প্রথম গবেষণার কাজ। এই নতুন ব্যাটারি ব্যবস্থার উন্নয়নে তার এই অগ্রগামী অবদান বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে; বিভিন্ন স্বনামধন্য পর্যালোচনা নিবন্ধ ও অগ্রগতি প্রতিবেদনে এই অগ্রগামী অবদান এবং কাজের অভিনবত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
২০১৯ সালে পিএইচডি শেষ করার পর তিনি চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পোস্টডক্টরাল রিসার্চ ফেলো হিসাবে যোগদান করেন এবং ২০২২ সাল নাগাদ তিনি ন্যানো টেকনোলজি ডিপার্টমেন্টে গবেষণার কাজ করেন। তিনি ২০২৩ সাল থেকে অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার ম্যাটেরিয়ালসে (আইএফএম) পার্ট টাইম রিসার্চ ফেলো হিসাবে গবেষণার কাজ চালিয়ে যান। ২০২৭ সালের প্রথম দিকে ডঃ সুলতানা (সুমী) ইন্ডাস্ট্রি (লোটাস এনার্জি রিসাইকেলিং) ফেলো হিসাবে অস্ট্রেলিয়ার RMIT ইউনিভার্সিটিতে সোলার প্যানেল রিসাইকেলড ন্যানো সিলিকন দিয়ে পানি ভেঙে ক্লিন এনার্জি হাইড্রোজেন উৎপাদনের নতুন গবেষণার কাজ শুরু করবেন।
ডঃ আইরিন সুলতানা (সুমী) ইতোমধ্যে বিজ্ঞান ও ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ন্যানোটেকনোলজি রিসার্চ এরিয়াতে পৃথিবীর শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক জার্নালে (যেমন: অ্যাডভান্সড সায়েন্স; অ্যাডভান্সড ফাঙ্কশনাল ম্যাটেরিয়ালস; এনার্জি স্টোরেজ ম্যাটেরিয়ালস ইত্যাদি) তার ৪০ টিরও বেশি পিয়ার-রিভিউ প্রকাশনা রয়েছে। তিনি নিজের গবেষণা করা ছাড়াও মাস্টার ডিগ্রি ও পিএইচডি প্রজেক্ট তত্ত্বাবধান করেন। তিনি অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির সাথে কলেবারাটিভ গবেষণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আমন্ত্রিত বক্তা হিসেবে তিনি ৩০ টিরও বেশি আন্তর্জাতিক/জাতীয় কনফারেন্স অংশগ্রহণ করেছেন।
ব্যাক্তিগত জীবনে তিনি তিন ছেলে সন্তানের জননী। তিনি নিজের পরিবারের দেখভাল করার পাশাপাশি নিজের গবেষণার কাজটাও সমান ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।